উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: জুলাইয়ের শুরুতেই খারাপ আবহাওয়ার জেরে সুন্দরবন উপকূলে চলছে মাইকপ্রচার। মৎস্যজীবীদের এ নিয়ে সতর্ক করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই চারদিন বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। ফলে সমুদ্র উত্তাল হয়ে থাকবে।

তাই এই কয়েকদিন সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। এনিয়ে সুন্দরবন এলাকায় মাইকিংও শুরু হয়েছে।

নিম্নচাপের বৃষ্টিতে চাষের কাজে সুবিধা হবে বলে মনে করছেন চাষিরা। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে।দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বওয়ার পাশাপাশি প্রবল বৃষ্টি হতে পারে। এই সময় জলস্ফীতি বেড়ে সমুদ্র উত্তাল হতেও পারে। নদীপথে মাইকিং করে তাই  মৎস্যজীবীদের জানানো হয়েছে, শুক্রবার থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। সেজন্য মৎস্যজীবীরা যাতে গভীর সমুদ্রে মাছ ধরতে না যায় সেটি দেখতে হবে। তাছাড়া যে সব মৎস্যজীবী মাছ ধরার জন্য এখনও পর্যন্ত গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে।
 

বর্ষার সঙ্গে হাজির হয়েছে নিম্নচাপ। আর সেই নিম্নচাপের প্রভাব শুক্রবার থেকেই বেশ বুঝতে পারছে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে সকালের আকাশের চেহারাই বলে দিচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বঙ্গে। ভোর থেকেই বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি।শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে তাই আলিপুর আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা,হুগলি, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে হতে পারে প্রবল বৃষ্টি।