নিরাপত্তাজনিত কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর বাবা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। ভারতে নিযুক্ত তাঁর প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অব্যাহত হুমকির জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি জানান, বর্তমান পরিস্থিতিতে মোজতবা খামেনির নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তাই তিনি বাবার শেষকৃত্যে উপস্থিত থাকবেন না।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। এর পরই তেহরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, দেশটির নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো হুমকির উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্যকে ঘিরে ইরানজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।