পুবের কলম ওয়েব ডেস্কঃ ৮ থেকে ১০০, বিশ্বজুড়ে অগণিত ভক্তকূল রয়েছে লিওনেল মেসির। গত ২৪ জুন আর্জেন্টাইন কিংবদন্তির জন্মদিনে ৮ বছরের এক খুদে আবেগঘন চিঠি লিখেছিল। তার আবেগঘন সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল। তবে সেই চিঠি লিখে খালি হাতে ফিরতে হয়নি ওই খুদে মানু লিতভিকে। বিরাট সুযোগ পেল খুদে। 

মেসির স্পনসর ও বাণিজ্যিক অংশীদার আর্জেন্টিনার এক নামী ব্র্যান্ডের দৌলতে বিশ্বকাপের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ পেল মানু।

৮ বছরের ওই খুদে আর্জেন্টিনার ক্লাব ‘আর্জেন্টিনোস জুনিয়র্স’-এর বয়সভিত্তিক দলের খেলোয়াড়। জানা যায়, মেসিকে সেই চিঠি লেখার পর সে বিশ্বকাপের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ এই তথ্য জানিয়েছে। 

লা নাসিওনের প্রতিবেদন অনুযায়ী, ইউটিউব ও এক্স-এ আর্জেন্টিনার জনপ্রিয় লাইভ স্ট্রিমিং চ্যানেল ‘ওলগা’র ‘সেরিয়া ইনক্রেইবল’ শোতে মেসির প্রতি লেখা বার্তা পড়ে শোনায় মানু। চিঠিতে সে লিখেছিল, ‘প্রিয় লিও, তোমাকে একটি চিঠি লিখেছি। কারণ, আমি জানি আজ তোমার জন্মদিন।

আশা করি, এটি তোমার কাছে পৌঁছাবে। দিনটি শেষ হওয়ার আগে তোমাকে জানাতে চেয়েছিলাম যে তুমি আমার কাছে কতখানি।’ ওই চিঠিতে মানু মেসির শুধু মেসির ফুটবল খেলারই প্রশংসা করা হয়নি, তাঁর মানবিক গুণাবলিও ফুটিয়ে তুলেছে খুদে। মানু বলে, "যখন আমি তোমাকে খেলতে দেখি, মনে হয় তুমি আর বল যেন এক হয়ে গেছ। এটা পুরোপুরি এক জাদুকরি ব্যাপার! তোমার খেলার চেয়েও তোমার ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি।
তুমি সব সময় সতীর্থদের সাহায্য করো এবং কঠিন পরিস্থিতিতেও কখনো হাল ছেড়ে দাও না।"

খুদের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। এরপরেই সেই ভিডিও মেসির বাণিজ্যিক অংশীদারের নজরে পড়ে। তারা মেসির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর উপস্থাপক আরেকটি চিঠি মানুকে পড়ে শোনান, যা মেসির বাণিজ্যিক অংশীদার সংস্থার তরফে তার উদ্দেশ্যে লেখা হয়েছিল। সেই চিঠিতে লেখা হয়, "আমাদের পুরো দলের পক্ষ থেকে আজই তোমাকে ও তোমার পুরো পরিবারকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। যাতে তুমি তোমার জীবনের প্রথম বিশ্বকাপ সরাসরি দেখার অভিজ্ঞতা পেতে পারো।"