ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে দেশজুড়ে একাধিক ধাপে তাঁর জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, এটি ইরানের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে পরিণত হবে।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হবে।

এরপর তেহরানের প্রধান সড়কগুলোতে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ পবিত্র শহর কোমে নেওয়া হবে। সেখান থেকে ইরাকের নাজাফ ও ঐতিহাসিক কারবালায়ও শেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হবে।
কারবালা থেকে আগামী ৯ জুলাই খামেনির মরদেহ তাঁর জন্মস্থান মাসহাদে নেওয়া হবে।
সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

খামেনির শেষ বিদায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরানি গণমাধ্যমের দাবি, তাঁকে শেষ বিদায় জানাতে দুই কোটিরও বেশি মানুষ অংশ নিতে পারেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি।