পুবের কলম ওয়েব ডেস্কঃ মা না বাবা কার কাছে থাকবে শিশু। তাই নিয়ে বচসার জেরে ভয়ঙ্কর ঘটনা ঘটল জার্মানিতে। এক বন্দুকধারীর গুলিতে নিহত হল ৬ জন। ঘটনাটি ঘটেছে জার্মানির উত্তরাঞ্চলীয় শহর স্টাডের একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। তিন মাসের এক কন্যাসন্তানের কাস্টডি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় তিন জনকে পুলিশ আটক করেছে।

 

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ৪ জন মহিলা এবং দুজন পুরুষ রয়েছে। তারা সকলেই ডংকারস্ট্রাসে অবস্থিত ওই শিশু কল্যাণ কেন্দ্রের কর্মী ছিলেন। এই হামলা চালানোর সময় ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন তিন মাসের শিশুটি এবং তার মা। যদিও মা ও শিশু অক্ষত রয়েছে বলেই জানিয়েছে স্থানিয় পুলিশ। এবিষয়ে লোয়ার স্যাক্সনির স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল বেরেনস সাংবাদিকদের জানিয়েছেন, এর সঙ্গে সন্ত্রাস বা কোনও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর যোগ নেই, এট পুরোপুরি পারিবারিক বিবাদ। এর পিছনে কোনও রাজ্যনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্য নেই।

জানা যায়, স্থানীয় সময় দুপুর ১২ টা ১০ মিনিট নাগাদ গুলি চলে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে। আরও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। এছাড়াও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে শিশুর বাবাকে আটক করা হয়েছে। লুনেনবার্গের পুলিশ প্রধান ক্যাথরিন শুওল জানান,  ৪৫ বছর বয়সী ব্যক্তি একজন তুর্কি নাগরিক।

তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে হ্যানোভারে বসবাস করেন। সোমবার নিজের মেয়ের কাস্টডি নিয়ে আলোচনার জন্য ওই কেন্দ্রের কর্মীদের সঙ্গে তার একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল। গুলি চালানোর পর ওই ব্যক্তি একটি গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। ওই গাড়িটি চালাচ্ছিলেন একজন মহিলা। পুলিশ তাঁদের থামার নির্দেশ দিলে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। তখন গাড়ির চাকা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। এরপর তাঁদের দুজনকে আটক করা হয়।