পুবের কলম ওয়েব ডেস্কঃ ফের রদবদল পুলিশে। কলকাতা পুলিশের পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। মঙ্গলবারই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রশাসনের তরফে একে রুটিন মাফিক বদলি বলে দাবি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, অঞ্জন চক্রবর্তীকে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে।
আগে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের ডিআইজি পদে ছিলেন তিনি। তবে তাঁকে আইজি পদে উন্নীত করা হয়েছে। ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি (বর্ডার) সুমনজিৎ রায়কে আইজি (বর্ডার) করা হয়েছে। একই ভাবে পদোন্নতি হয়েছে ডিআইজি (হেড কোয়ার্টার্স) রশিদ মুনির খানের। তাঁকেও প্রমোশন দিয়ে আইজি (হেড কোয়ার্টার্স) করা হয়েছে।আরও পড়ুন:
এরই পাশাপাশি কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্স-এর ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার(মর্ডার্নাজেশন) করা হয়েছে। প্রদীপ কুমার যাদব ছিলেন কলকাতার এসটিএফ-এর ডেপুটি কমিশনার। তাকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেট-এর ডেপুটি কমিশনার (উত্তর) অম্লান কুসুম ঘোষকে করা হয়েছে কলকাতা এসটিএফ-এর ডেপুটি কমিশনার। সেই সঙ্গে বদল হয়েছে জেলা এবং অন্য পুলিশ কমিশনারেটেও।
এছাড়াও একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে অন্যত্র। উল্লেখ্য, এরপূর্বে বিধানসভা নির্বাচনে পালাবদল-এর পরে জুন মাসে রাজ্য পুলিশে বড় রদবদল করা হয়। তখন জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার-সহ মোট ১৭৯ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছিল। এ বার ফের রদবদল করা হয়েছে। সেই সঙ্গেই পদোন্নতি করা হয়েছে একাধিক আধিকারিকের।