পুবের কলম ওয়েব ডেস্ক:  নতুন সরকার আসার পরে দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান পাবে কিনা, তা নিয়ে যখন পুজো কমিটিগুলি দোলাচলে, তখনই এল আরেক সুখবর। নবান্নর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে উৎসাহ দিতে এবার প্রতিটি নির্বাচিত রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। 
তবে শহর এবং জেলার একাধিক রথযাত্রা কমিটির মধ্যে কারা অনুদান পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন, তা নিয়ে বিচারের ভার জেলাশাসকদের ওপরেই দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের রিপোর্ট এবং রথের কলেবরের ওপর ভিত্তি করে কমিটিগুলিকে এই অনুদান দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতেই নির্দিষ্ট নিয়ম মেনে রাজ্যের ঐতিহ্যপূর্ণ ও যোগ্য রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে।

আগামী ১৬ জুলাই থেকে শুরু হতে চলা রথযাত্রা উৎসবের তিন দিন আগে থেকে অর্থাৎ ১৩ জুলাই থেকে কমিটিগুলোর হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হবে। 
এছাড়া রথযাত্রার দেখতে আসা পুণ্যার্থীদের সুবিধের জন্য প্রতিটি জেলায় ১লক্ষ টাকা ব্যয়ে বিশেষ ‘সেবা শিবির’ তৈরি করা হবে। এই শিবির থেকে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিষেবা পাওয়া যাবে। ™শ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম রথযাত্রা উৎসবের জন্য রাজ্য সরকার সরাসরি এরকম বড় অংকের আর্থিক অনুদান দেওয়ার কথা ঘোষণা করল। সরকারের এই পদক্ষেপে এবার রথযাত্রা উৎসবের জৌলুষ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। রথযাত্রা কমিটির এই অপ্রত্যাশিত প্রাপ্তির পরে আশা দেখছেন দুর্গাপুজো কমিটিগুলি।