পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল। মঙ্গলবার নবান্নের তরফ থেকে এক নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশে ব্যাপক রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। এই নির্দেশে মোট ৩৩ জন আইপিএস আধিকারিককে বদলি করা হয়েছে। এই রদবদলের তালিকায় সবচেয়ে বড় চমক হল আইপিএস সুপ্রতিম সরকারের বদলি। তাঁকে এডিজি (সিআইডি) অর্থাৎ রাজ্যের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এডিজি (টেলিকমিউনিকেশন) পদে পাঠানো হয়েছে।
তাঁর জায়গায় রাজ্যের নতুন গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কারা বিভাগের প্রাক্তন ডিজি নটরাজন রমেশবাবু। পুলিশ মহলে অত্যন্ত দক্ষ আধিকারিক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।আরও পড়ুন:
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সুপ্রতিম সরকারকে সিআইডি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের মাস খানেকের মধ্যেই তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উল্লেখযোগ্য বিষয় হল, সিআইডি বর্তমানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে, যার মধ্যে নির্বাচনের সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা জোড়া অভিযোগের তদন্ত অন্যতম।
আরও পড়ুন:
অন্যদিকে, সম্প্রতি বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশ প্রশাসন বারুইপুরের দিকে বিশেষ নজর দিয়েছে এবং তদন্তকারী অফিসারও একাধিকবার বদল করা হয়েছে। এবার বারুইপুর পুলিশ জেলা স্তরেও রদবদল আনল রাজ্য। পূর্ব মেদিনীপুর গ্রামীণ এলাকার দায়িত্বে থাকা আইপিএস অতীশ বিশ্বাসকে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে আনা হয়েছে। বারুইপুরের প্রাক্তন অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্তকে ওই জেলারই ডিআইবি-র দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
শীর্ষ স্তরের অন্যান্য রদবদলের মধ্যে রয়েছেন আইপিএস কে জয়রামন। তাঁকে উত্তরবঙ্গের এডিজি পদ থেকে সরিয়ে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সের ডিরেক্টর করা হয়েছে। পশ্চিমাঞ্চলের এডিজি বিশাল গর্গকে আইবি-তে এবং এসটিএফের আইজি প্রবীণ ত্রিপাঠিকে হোমগার্ড বিভাগের আইজি পদে বদলি করা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ডিসি স্পর্শ নীলাঙ্গীকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।
এই নির্দেশিকায় বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার ও কমিশনার পদেও রদবদল করা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকজন আধিকারিকের রদবদল হয়েছে।