বিধানসভায় সই জালিয়াতি মামলার তদন্তে এবার বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল সিআইডি। শনিবার সকালে ভবানীপুরে তাঁর বাসভবনে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার দুই সদস্যের একটি প্রতিনিধি দল যায়। সূত্রের খবর, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা সেখানে ছিলেন এবং মামলার বিভিন্ন দিক নিয়ে শোভনদেবের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন:
তদন্তের পর শোভনদেব জানান, তিনি সম্পূর্ণভাবে তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।
তাঁর কথায়, “আমি ২০০ শতাংশ সহযোগিতা করব। তবে যাঁরা এই অভিযোগ তুলেছেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কারণ, সংশ্লিষ্ট প্রস্তাবে স্বাক্ষরের সময় সকলেই উপস্থিত ছিলেন।”আরও পড়ুন:
প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে তৃণমূলের পক্ষ থেকে স্পিকারের কাছে একটি চিঠি জমা দেওয়া হয়েছিল।
সেই চিঠিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। কিন্তু স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠায় স্পিকার রথীন্দ্র বসুর কাছে অভিযোগ জানান উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। পরে দু’জনকেই দল থেকে বহিষ্কার করা হয়। যদিও পরবর্তীতে ৫৯ জন বিধায়কের সমর্থনপত্র নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।এই মামলার তদন্তভার বর্তমানে সিআইডির হাতে। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি তৃণমূলের কয়েকজন বিধায়কের হাতের লেখার নমুনাও সংগ্রহ করেছে তদন্তকারী সংস্থা। শুক্রবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও নোটিস দিতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। তবে তিনি দিল্লিতে থাকায় পরিবারের সদস্যরা নোটিস গ্রহণ করেননি। তদন্তের স্বার্থে ফের তাঁর বাড়িতে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর।