পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে বুধবার বিধাননগর আদালতে নিজের কণ্ঠস্বরের নমুনা জমা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১১টা ৪৯ মিনিটে তিনি আদালত চত্বরে পৌঁছান এবং দুপুর ১টা ২৭ মিনিটে বেরিয়ে যান। মোট ৯৮ মিনিট তিনি আদালতের ভিতরে কাটান। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় ম্যাজিস্ট্রেট, সিআইডি এবং ফরেনসিক আধিকারিকদের উপস্থিতিতে।
আরও পড়ুন:
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন ভোটের ফল প্রকাশের পর ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেছিলেন অভিষেক।
সেই মন্তব্যের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়। এই মামলার তদন্তের স্বার্থেই সিআইডি তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়।আরও পড়ুন:
জানা গিয়েছে, ফরেনসিক বিশেষজ্ঞদের তৈরি করা এক পাতার একটি নির্দিষ্ট ‘স্ক্রিপ্ট’ ডায়মন্ড হারবারের সাংসদকে দেওয়া হয়েছিল পড়ার জন্য। সেখানে ডিজে সংক্রান্ত তাঁর সেই বিতর্কিত মন্তব্যের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। তাঁকে এই বয়ানটি দু’বার পড়তে বলা হয় একবার দ্রুত গতিতে এবং একবার ধীরে।
আরও পড়ুন:
সব মিলিয়ে প্রায় পাঁচ মিনিটের একটি ডিজিটাল ভয়েস রেকর্ডিং করা হয়। পাশাপাশি সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। এরপর নিয়ম মেনে নমুনাটি সংরক্ষণ ও সিল করে তাতে অভিষেকের স্বাক্ষর নেওয়া হয়।
আরও পড়ুন:
ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, এই কণ্ঠস্বর সংগ্রহের প্রক্রিয়াটিকে ‘স্পেক্ট্রোগ্রাফিক অ্যানালিসিস’ বলা হয় এবং এটি আঙুলের ছাপের মতোই সম্পূর্ণ নির্ভুল। ভয়েস স্পেক্ট্রোমিটার নামক একটি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা স্বর এবং পুরোনো বিতর্কিত রেকর্ডিং মিলিয়ে দেখা হবে যে দু'টি কণ্ঠস্বর একই ব্যক্তির কি না।