পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হচ্ছে নয়া গুন্ডাদমন আইন। আর প্রথম দিনেই এই আইনের বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন মেনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
গত ২৯ জুন রাজ্য বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয় ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’, যা সংক্ষেপে ‘গুন্ডাদমন বিল’ নামে পরিচিত।
রাজ্যপালের স্বাক্ষরের পর শনিবার থেকে তা গোটা রাজ্যে আইনি স্বীকৃতি পাচ্ছে। এই নয়া আইনে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলিকে বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে। খসড়ায় বলা হয়েছে, কমিশন চাইলে প্রকৃত ক্ষয়ক্ষতির চেয়ে দ্বিগুণ পরিমাণ জরিমানা বা ‘দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ’ আদায় করতে পারে। মামলাকারী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সরকার গায়ের জোরে এই আইন প্রয়োগ করতে চাইছে। তাঁর দাবি, শুধুমাত্র সন্দেহের বশে কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়াটা সম্পূর্ণভাবে সংবিধান ও মানবাধিকার বিরোধী। তাই অবিলম্বে এই আইনে স্থগিতাদেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।