পুবের কলম ওয়েব ডেস্কঃ "ডিজে" মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও তলব করল বিধাননগর আদালত। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আগামী ৮ জুলাই সকাল ১০টায় আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
এর আগে গতকাল একই কারণে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। তবে নির্ধারিত দিনে তিনি আদালতে উপস্থিত হননি। একই দিনে কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলারও শুনানি ছিল।
বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে একাধিক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘ডিজে বাজবে’ মন্তব্য করেছিলেন। নির্বাচনের ফল প্রকাশের পরও তিনি বলেন, ‘ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।’ এই বক্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ওঠে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রথমে বিধাননগর থানায় অভিযোগ জমা পড়ে। পরে তদন্তের দায়িত্ব গ্রহণ করে সিআইডি। তদন্তকারীদের দাবি, বক্তব্যের সত্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় যাচাই করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন।আরও পড়ুন:
এই প্রক্রিয়ার অনুমতি দিয়েছিল বিধাননগর আদালত। তবে তার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, সংশ্লিষ্ট বক্তব্য তাঁরই এবং তিনি তা কখনও অস্বীকার করেননি। তাই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মঙ্গলবার হাইকোর্টে মামলার শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণে জানান, তদন্তের স্বার্থে কোন তথ্য বা নমুনা প্রয়োজন তা নির্ধারণের অধিকার তদন্তকারী সংস্থার। আদালত সেই বিষয়ে নির্দেশ দিতে পারে না। পরবর্তীতে বিচারপতি মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নেন।আরও পড়ুন:
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দপ্তরে চিঠি দিয়েছেন। নতুন বেঞ্চ নির্ধারণ করে দ্রুত শুনানির ব্যবস্থা করারও অনুরোধ করা হয়েছে।