নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে সশস্ত্র হামলার ঘটনায় অন্তত ৩৭ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার পরীক্ষা চলাকালীন এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর দাবি, হামলার পেছনে সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স-এর সদস্যরা জড়িত। হামলায় এক সেনাসদস্য, এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।
এ ছাড়া ১০ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন শিক্ষক এখনও নিখোঁজ রয়েছেন।আরও পড়ুন:
বোরনো রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জঙ্গিদের হাতে এখনও ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক আটক রয়েছেন। তবে স্কুলের উপাধ্যক্ষসহ আটজনকে মুক্তি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
আরও পড়ুন:
নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ এখন প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে।
আরও পড়ুন:
২০১৪ সালে বোকো হারাম-এর সদস্যরা চিবোক শহর থেকে শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছিল, যা বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর থেকে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অপহরণ ও হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন:
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহে জর্জরিত নাইজেরিয়ায় গত কয়েক বছরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি জঙ্গি হামলা ও অপহরণের ঘটনা আবারও বাড়তে শুরু করেছে।