পুবের কলম ওয়েব ডেস্কঃ দলীয় তহবিল নিয়ন্ত্রণ নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস।  তহবিল ব্যবহারের অধিকার সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবার খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে, তা এগিয়ে আনা সম্ভব নয়।

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৃথক শিবির গড়ে ওঠার পর থেকেই দলীয় প্রতীক এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান, যাতে কোনও পক্ষই তহবিল ব্যবহার করতে না পারে।

পরবর্তীতে সেই আবেদনের ভিত্তিতে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। ওই অ্যাকাউন্টগুলিতে মোট প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হলে মামলাটি কলকাতা হাইকোর্টে বিচারাধীন হয়। 

অন্যদিকে ঋতব্রতপন্থী শিবির দলীয় তহবিলের আর্থিক লেনদেন ও হিসাবপত্র খতিয়ে দেখতে বিশেষ নিরীক্ষক নিয়োগের দাবি তোলে। সোমবার মামলার দ্রুত শুনানির আবেদন করা হলে বিচারপতি সৌগত ভট্টাচার্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে মামলার পক্ষভুক্ত করার নির্দেশ দেন।

পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে নোটিস পাঠানোর কথাও বলা হয়। এরপর মঙ্গলবার ফের মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করে দেয়। বিচারপতি জানান, নির্ধারিত প্রক্রিয়া মেনেই মামলার শুনানি হবে এবং বিশেষ পরিস্থিতি ছাড়া তালিকা বদলে তা আগাম শোনা সম্ভব নয়। রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতের কাছে আবেদন জানান, দ্রুত শুনানি সম্ভব না হলেও অন্তত আগামী বৃহস্পতিবার মামলাটিতে প্রাথমিক সওয়াল-জবাবের সুযোগ দেওয়া হোক।