পুবের কলম ওয়েবডেস্ক, উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের পোশাক পরিবর্তনের ঘরে গোপন ক্যামেরা বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় হাসপাতালের এক চিকিৎসক, বিশ্বজিৎ ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নার্সদের অভিযোগ, গত প্রায় তিন সপ্তাহ ধরে তাদের ড্রেস চেঞ্জ রুমে একটি পেন ক্যামেরা গোপনে রাখা হয়েছিল। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর তারা লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।

মঙ্গলবার ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যেরাও হাসপাতালে পৌঁছান এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিক অপূর্ব দাস বলেন, নার্সদের ড্রেস চেঞ্জ রুমে একটি ডিভাইস রাখার অভিযোগ পাওয়া গিয়েছে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ডিভাইস ও সম্ভাব্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর।