পুবের কলম ওয়েব ডেস্কঃ ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে চলছে দড়ি টানাটানি। এই আবহে মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বতন ১৪৪ ধারা) জারি করছে কলকাতা পুলিশ। আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। 

মঙ্গলবার কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দা এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ধর্মতলা চত্বরের বিস্তীর্ণ এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত করা যাবে না। আগামী দুই মাসা এই ধারা বলবৎ থাকবে।

সাধারণত দীর্ঘ সময় ধরে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ করে আসছে। তবে এবার ধর্মতলায় সেই সম্ভবনা নেই বললেই চলে। বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং হেড কোর্য়াটার্স ট্রাফিক গার্ডের আওতাধীন এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত বিস্তীর্ণ এলাকা এর আওতায় পড়ছে। যদিও বেন্টিঙ্ক স্ট্রিটকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
পুলিশের আশঙ্কা, এই এলাকায় জমায়েত হলে শান্তি শৃঙ্খলার অবনতি হতে পারে। এছাড়াও যান চলাচলে এবং মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যহত হতে পাচ্ছে। সেই কারণেই এই পদক্ষেপ বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশের এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই নির্দিষ্ট এলাকায় কোনও রাজনৈতিক দল, সংগঠন কোনও সভা, মিছিল, ধরনা, পদযাত্রা, সমাবেশ করা যাবে না। শুধু তাই নয়, অস্ত্র, এমনকি লাঠি নিয়েও যাওয়া যাবে না সেখানে।  

প্রসঙ্গত, ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশ করতে চেয়ে পুলিশের কাছে ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির দুই পক্ষই আবেদন জানিয়েছে। সেই আবহেই এবার এই বিজ্ঞপ্তি জারি করায় অস্বস্তিতে পড়েছে উভয় পক্ষ।