পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যপ্রদেশের রেওয়া জেলায় গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে দুই মহিলাকে গ্রেফতার করল পুলিশ। একটি সংগঠনের সদস্যরা তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সামান থানা এলাকার লোহি খাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযোগ, মুসকান খান ও সাবরা খান নামে দুই মহিলা মাংস নিয়ে যাচ্ছিলেন। সেই সময় গোমাংস সন্দেহে তাঁদের আটকানোর চেষ্টা করেন ওই সংগঠনের এক সদস্য। অভিযোগ উঠেছে, ওই সদস্য বাধা দিলে তাঁর ওপর হামলা চালানো হয়। ঘটনায় তিনি মাথায় আঘাত পান।
এরপর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার পরই একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। অভিযোগ অনুযায়ী,  সংঘর্ষের পর দুই মহিলা মাংস খালে ফেলে দেন। পরে পুলিশ তা উদ্ধার করে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়।
তদন্তকারীদের বক্তব্য, রিপোর্ট হাতে না আসা পর্যন্ত উদ্ধার হওয়া মাংস গরুর কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে দুই মহিলাকে আটক করে প্রয়োজনীয় ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

এদিকে, এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ সাধারণ মানুষের কাছে গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দেওয়ার আবেদন জানিয়েছে। প্রশাসনের বক্তব্য, ফরেনসিক পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই মামলার প্রকৃত বিষয় স্পষ্ট হবে।