পুবের কলম ওয়েব ডেস্কঃ ঈদ উল আযহার ঠিক আগেই পশু জবাই নিয়ে বিধিনিষেধ জারি করেছিল রাজ্য সরকার। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল, সংশ্লিষ্ট পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে এবং সেটি স্থায়ীভাবে অক্ষম হতে হবে। এছাড়াও এরজন্য অনুমতি নিতে হবে। সেই শংসাপত্রে স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতের প্রধানের পাশাপাশি একজন পশুচিকিৎসকের যৌথ স্বাক্ষর বাধ্যতামূলক। এই অনুমতি ছাড়া কোনও পশুকে নির্দিষ্ট কসাইখানায় নিয়ে গিয়ে জবাই করা যাবে না।
সেই আবহে গো মাংস এবং বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশের অভিযোগে গুরুগ্রাম থেকে এক মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত মহিলার নাম জ্যোৎস্না বিবি। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। ধর্মীয় অনুভুতিতে আঘাত করার অভিযোগে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।আরও পড়ুন:
জানা গিয়েছে, জ্যোৎস্না বর্তমানে গুরুগ্রামের চক্করপুর এলাকায় গৃহকর্মীর কাজ করেন।
পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। দীনেশ যাদব নামে স্থানীয় এক বাসিন্দা সেক্টর ২৯ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পরে গত ৩০ মে জ্যোৎস্না বিবিকে গ্রেপ্তার করা হয়। ধৃত মহিলাকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ইতিমধ্যেই এই ঘটনায় তথ্য সংগ্রহের জন্য তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত মঙ্গলবার আদালতে মহিলা জামিনের আবেদন জানান। কিন্তু, আদালত সেই আবেদন খারিজ করে দেয়। আগামী ৮ জুন মামলার পরবর্তী শুনানি। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।