পুবের কলম ওয়েব ডেস্কঃ পুলিশি এনকাউন্টারে নিহত হয়েছিলেন বিহারের ভোজপুর জেলার ২৮ বছর বয়সী ভারত ভূষণ তিওয়ারি। সেই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে করা জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। তার পরিবর্তে আবেদনকারীকে সংশ্লিষ্ট হাইকোর্টে দ্বারস্থ হতে বলেছে শীর্ষ আদালত।
আরও পড়ুন:
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি এম এম সুন্দরেশ ও বিচারপতি শীল নাগুর বেঞ্চে মামলাটি ওঠে।
এই আবেদনের ভিত্তিতে আদালত কোনও নির্দেশ দিতে চায়নি। আদালত জানায়, এই আবেদন গ্রহণ করা হচ্ছে না, তবে আবেদনকারী চাইলে উচ্চ আদালতে যেতে পারবেন। শুনানির সময় আদালত আবেদনকারী আইনজীবী বিশাল তিওয়ারির কাছে জানতে চায়, এই মামলায় তাঁর আইনগত অবস্থান কী। আদালত প্রশ্ন তোলে, তিনি কোন অধিকারে এই আবেদন করেছেন। জবাবে তিনি জানান, জনস্বার্থের বিষয় বিবেচনায় তিনি আবেদনটি দায়ের করেছেন। তবে আদালত সেই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে আবেদনটি খারিজ করে দেয়। আবেদনে ভারত ভূষণ তিওয়ারির মৃত্যুকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানানো হয়। একই সঙ্গে ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদনও করা হয়েছিল।আরও পড়ুন:
আবেদনকারীর দাবি, এ ধরনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে এবং মানুষের জীবনধারণের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন। উল্লেখ্য, গত ১৭ জুন ভোজপুর জেলার বিলাউটি গ্রামের বাসিন্দা পুলিশি এনকাউন্টারে ভারত ভূষণ তিওয়ারির মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, তিনি আত্মসমর্পণ করার পরও পুলিশ তাঁর ওপর গুলি চালায়। এরফলে তিনি নিহত হন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিহার সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেছে। এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।