পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সোমবার ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে। সেই মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন নোটিশ জারি করে সব পক্ষকে জবাব দিতে বলেছে।
আরও পড়ুন:
এদিনের মামলার শুনানিতে আবেদনকারীদের হয়ে মামলা লড়েন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
তিনি দাবি করেন, রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তাই পুরো প্যানেল বাতিল করার আবেদন জানান আইনজীবী। আপাতত এবিষয়ে শীর্ষ আদালতের বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ কোনও নির্দেশ না দিলেও সব পক্ষকে জবাব দিতে বলেছে। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। সেই মামলায় ২০২৩ সালে কড়া নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ।
তিনি ২০২৩ সালে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। পরে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে চাকরি বাতিলের নির্দেশ বাতিল করে দেয় ডিভশন বেঞ্চ। পরে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট সব পক্ষের কাছে জবাব তলব করেছে। আইনজীবী মহলের মতে, আগস্টে তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে মামলার বিচারপ্রক্রিয়া পুনরায় শুরু হবে। তার পরে সুপ্রিম কোর্ট এবিষয়ে সিদ্ধান্ত নেবে।