পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের কর্মরত প্রাথমিক শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর। টেটে উত্তীর্ণ হওয়ার সময়সীমা আরও এক বছর বাড়ানোর নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, কর্মরত প্রাথমিক শিক্ষকদের ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে টেটে উত্তীর্ণ হতে হবে।

এর আগে আদালত জানিয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষায় পাশ না করলে চাকরি ছাড়তে হবে।

সেই সময় শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৩১ অগস্ট। পরে পুনর্বিবেচনার আবেদনের শুনানিতে আদালত সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিল। ফলে বহু শিক্ষক অতিরিক্ত সময় পাওয়ায় স্বস্তি পেলেন।

আদালত এ-ও স্পষ্ট করেছে, যাঁদের চাকরির মেয়াদ শেষ হতে পাঁচ বছরের কম বাকি রয়েছে, তাঁদের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়।

তবে তাঁরা ভবিষ্যতে পদোন্নতি চাইলে পরীক্ষায় পাশ করতেই হবে। অন্যদিকে যাঁদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি রয়েছে, তাঁদের ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক বলেই জানিয়েছে আদালত।

শীর্ষ আদালতের বক্তব্য, নির্ধারিত সময়ের মধ্যে কেউ পরীক্ষায় না বসলে বা উত্তীর্ণ হতে না পারলে তাঁকে চাকরি ছাড়তে হবে। তবে সে ক্ষেত্রে অবসর-পরবর্তী সমস্ত প্রাপ্য সুবিধা তিনি পাবেন। পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে প্রায় ৩০ লক্ষেরও বেশি কর্মরত প্রাথমিক শিক্ষক এখনও এই টেটে উত্তীর্ণ নন। তাই আদালতের এই সিদ্ধান্তে দেশের বহু শিক্ষকই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।