পুবের কলম ওয়েব ডেস্ক: বড় ধাক্কা খেলেন প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা। আপাতত স্থগিত রাখা হল প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ বা সাক্ষাৎকার প্রক্রিয়া। আগে জানানো হয়েছিল, আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে ইন্টারভিউ পর্ব এবং তা চলবে মে মাস পর্যন্ত। কিন্তু হঠাৎ করেই সেই প্রক্রিয়া আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন:
সাক্ষাৎকার স্থগিতের নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পর্ষদ।
কেবলমাত্র ‘অনিবার্য কারণ’-এর কথা উল্লেখ করে আপাতত পুরো প্রক্রিয়াই স্থগিত রাখার কথা বলা হয়েছে। এর জেরে ১৩ হাজার ৪২১ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, রাজ্যে আসন্ন নির্বাচন শেষ হওয়ার পরেই আবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হতে পারে।আরও পড়ুন:
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন অপেক্ষার পর নিয়োগের আশা তৈরি হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই আশায় ধাক্কা লাগল।
এক প্রার্থী বলেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল আগে জানিয়েছিলেন, ভবিষ্যতে বছরে অন্তত দু’বার নিয়োগ করা হবে এবং টেট পাশ প্রার্থীদের আর দীর্ঘদিন বসে থাকতে হবে না। অথচ প্রায় তিন বছর পর ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সম্প্রতি ইন্টারভিউয়ের সূচিও ঘোষণা করা হয়েছিল। কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেখে মনে হচ্ছে, যেন পয়লা এপ্রিলেই তাঁদের ‘এপ্রিল ফুল’ বানানো হল।আরও পড়ুন:
উল্লেখ্য, শেষবার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল ২০২২ সালে। সেই নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পেয়েছিলেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা। তবে ২০২২ ও ২০২৩ সালের টেট পাশ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত বহু প্রার্থী এখনও নিয়োগের সুযোগ পাননি।