পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজধানীর যন্তর মন্তরে শনিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে ভিড় জমাতে শুরু করেন পড়ুয়া থেকে শুরু অভিভাবকরা। সেই কর্মসূচীকে ঘিরে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যেন না হয় তার জন্য আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৬ জন বিক্ষভকারীকে আটক করল দিল্লি পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়েছে, সাম্ভব্য অশান্তির আশঙ্কায় এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখা, দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা এড়ানো এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করাই ছিল আটক করার মূল উদ্দেশ্য। যদিও পুরো বিক্ষোভের সময়কালে কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।

পরিস্থিতি সার্বিকভাবে নিয়ন্ত্রণে ছিল বলে জানায় পুলিশ। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে শত শত ছাত্রছাত্রী ও তরুণ পেশাজীবী অংশ নেন। তাঁদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তাঁরা যন্তর মন্তরে সমবেত হন। পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই জাতীয় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে যন্তর মন্তর চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রাখা হয়।

পুলিশ সূত্রে খবর, নয়াদিল্লি জেলা ও অন্যান্য স্পর্শকাতর এলাকায় এক হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং দিল্লির বিভিন্ন সীমান্ত প্রবেশপথেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরাও। বিক্ষোভস্থলের চারপাশে ব্যারিকেড বসিয়ে অংশগ্রহণকারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। 

এই বিক্ষোভের অন্যতম আকর্ষণ ছিল অংশগ্রহণকারীদের অভিনব প্রতিবাদ। অনেক ছাত্রছাত্রী আরশোলার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

বেশ কয়েকজন স্কুলপড়ুয়াও তাঁদের অভিভাবকদের সঙ্গে বিক্ষোভে উপস্থিত ছিল। বিক্ষোভকারীরা জানান, নিট, সিইউইটি, সিবিএসই সংযুক্ত বিভিন্ন পরীক্ষা এবং এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে উত্তরের দাবি জানান। বিক্ষোভস্থলে স্বচ্ছ ও নিরপেক্ষ পরীক্ষা ব্যবস্থার দাবিতে একাধিক স্লোগানও শোনা যায়।

উল্লেখ্য, নিট, সিইউইটি, সিবিএসই পরীক্ষা এবং বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে যুব-নেতৃত্বাধীন একটি অনলাইন আন্দোলন হিসেবে সিজেপি-র উত্থান ঘটে। গত এক মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে সংগঠনটি যুব সমাজের সমর্থন জোগাড় করে আসছে। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানিয়েছে পুলিশ।