পুবের কলম ওয়েব ডেস্কঃ নবম শ্রেণিতে তিনটি ভাষা পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্তকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। সিবিএসই'র নতুন নির্দেশিকার বিরুদ্ধে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিভাবক ও পড়ুয়ারা। জানা গিয়েছে, আগামী সপ্তাহেই মামলাটির শুনানি হতে পারে। সম্প্রতি সিবিএসই ঘোষণা করেছিল, চলতি শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণির পাঠ্যক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত করা হবে।

আগামী পয়লা জুলাই থেকে এই নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করেই শুক্রবার আদালতে আবেদন দায়ের করা হয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত-এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলাটি উত্থাপন করেন আইনজীবী মুকুল রোহতাগি। তিনি প্রশ্ন তোলেন, এত অল্প সময়ের মধ্যে কীভাবে এই নতুন নিয়ম কার্যকর করা সম্ভব।
আগামী সোমবার মামলার জরুরি শুনানির আবেদনও জানান তিনি।

আদালতে রোহতাগি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পড়ুয়ারা এমনিতেই অতিরিক্ত পড়াশোনার চাপে রয়েছে। তার মধ্যে হঠাৎ করে আরও একটি ভাষা যুক্ত করলে মানসিক চাপ বাড়তে পারে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তাঁর।

প্রধান বিচারপতি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই এই মামলার শুনানি করা হবে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতির আওতায় স্কুল শিক্ষায় ভারতীয় ভাষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছিল। সেই নীতির ভিত্তিতেই গত ১৫ মে নতুন নির্দেশিকা জারি করে সিবিএসই। সেখানে জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই নবম শ্রেণির পরীক্ষায় তিনটি ভাষার মূল্যায়ন করা হবে। যদিও দশম শ্রেণির চূড়ান্ত পরীক্ষায় তৃতীয় ভাষার জন্য আলাদা পরীক্ষা দিতে হবে না বলেও স্পষ্ট করা হয়েছিল। এই নির্দেশিকা অনুযায়ী, কোন ভাষা পড়ানো হবে তা বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই ঠিক করতে পারবে। তবে অন্তত দুটি ভারতীয় ভাষা রাখা বাধ্যতামূলক।