পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানের জয়পুর শহরে নৃশংস খুনের ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে এক বাঙালি পরিবার। মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে অ্যাসিডে পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারের দাবি, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধেই’ এই নির্মম পরিণতি। জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর বয়সী ওই যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকায়।

সংসারের অভাব ঘোচাতে দেড় মাস আগে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি কাজের সন্ধানে জয়পুরে যান। সেখানে প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন তিনি। ভোটের আগে বাড়ি ফেরার পরিকল্পনাও ছিল তাঁর।
 
বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই শ্রমিক।
কিন্তু রাত পেরিয়েও তিনি আর ফেরেননি। উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মন্দিরের কাছ থেকে বস্তাবন্দি অবস্থায় তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।
 
পরিবারের অভিযোগ, তাঁকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে এবং এই ঘটনার পেছনে ভাষাগত বিদ্বেষ কাজ করেছে।
এই অভিযোগ ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে।
 
ঘটনার খবর ছড়াতেই ভেঙে পড়েছেন মৃতের পরিবারের সদস্যরা। দেহ কীভাবে বাড়িতে ফিরিয়ে আনা হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইতিমধ্যেই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় সিপিআই(এম) প্রার্থী শেখ খলিল।
দুই নাবালক সন্তানকে নিয়ে পরিবারটির ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। এই মর্মান্তিক ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।