ফলতার প্রাক্তন তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং তাঁর স্ত্রী রেজিনা ওরফে সারিকা বিবির নামে বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। তদন্তকারীদের দাবি, অন্তত ৬০টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। এর মধ্যে জমি, বাড়ি, ফ্ল্যাট-সহ একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে।
আরও পড়ুন:
তদন্তকারী সংস্থার মূল প্রশ্ন, এত বিপুল সম্পত্তির মালিক কীভাবে হলেন জাহাঙ্গির এবং তাঁর পরিবার? সম্পত্তিগুলি কি বৈধভাবে কেনা হয়েছিল, নাকি ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে দখল করা হয়েছে?
কেনা হয়ে থাকলে তার জন্য কত টাকা দেওয়া হয়েছিল এবং সেই অর্থের উৎস কী, তা খতিয়ে দেখা হচ্ছে।আরও পড়ুন:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ফলতা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গির খান। ভোটের দিন অনিয়মের অভিযোগ ওঠার পর নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। তবে তার আগেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তিনি। পরে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, তাঁর স্ত্রী রেজিনা ওরফে সারিকা বিবিকেও গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে জাহাঙ্গির জেল হেফাজতে এবং তাঁর স্ত্রী পুলিশি হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন:
এর মধ্যেই জাহাঙ্গিরের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জন এবং আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে ফলতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা বিধান পারুই। একই অভিযোগ ডায়মন্ড হারবার পুলিশ জেলা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেও জমা পড়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দলিলগুলির ভিত্তিতে সম্পত্তির প্রকৃত মালিকানা, বাজারমূল্য এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আগে ওই সম্পত্তিগুলির মালিক কারা ছিলেন, কীভাবে মালিকানা বদল হয়েছে এবং অর্থ লেনদেনের নথি রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চলছে।