পুবের কলম  ওয়েবডেস্ক :
পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' বা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ যাওয়া নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক ও জনবিক্ষোভ তৈরি হয়েছে।এই প্রক্রিয়ায় সাধারণ মানুষকে নোটিশ দেওয়া এবং নাম  বাদ বা  ডিলিট  এবং  ট্রাইবুনাল নিয়ে বিভিন্ন স্তরে অসন্তোষ ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই  এসআইআর নিয়ে শনিবার আলোচনা হল নদিয়ার ধুবুলিয়ায়। যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হল তার মধ্যে রয়েছে -- এস আই আর প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও নিরপেক্ষ? কোন তথ্য কোন নথি  এবং কিভাবে যাচাই করা হচ্ছে?

যাদের নাম বাদ যাচ্ছে তাদের করণীয় কি? ভোটার তালিকায় ভুল সংশোধনের উপায় কী? ভোটাধিকার সুরক্ষায় আমরা কি করতে পারি?
আলোচনার বিষয় ছিল, এস আর আই প্রক্রিয়া সম্পর্কে আমরা যা জানি বুঝি এবং অন্যদের জানাই -- সচেতন হই, সংঘটিত হই, অধিকার রক্ষা করি। এই আলোচনা চক্রের আয়োজক ছিল 'নদিয়া সংযোগ'।
এই আলোচনা সভায় বক্তারা  বলেন ,নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের  প্রক্রিয়ায় যারা  ট্রাইবুনালে আবেদন করেছেন ,তাদের কাজ মন্থর  গতিতে হচ্ছে।  রাজ্যের নানা প্রান্তে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে। অযথা শুনানিতে ডাকা, পুরোনো নথিপত্রের অভাব এবং নাম বাদ যাওয়ার আতঙ্কের কারণে বিভিন্ন জেলায় এখনও  ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেখা দিচ্ছে। 
ধুবুলিয়ার  খাজুরি  সবুজ মন পার্কের  এই  আলোচনা   সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী নজরুল হক ।উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও প্রাক্তন বিধায়ক সামসুল ইসলাম মোল্লা, কথা সাহিত্যিক আনসারউদ্দীন, প্রাণী সম্পদের ডেপুটি ডিরেক্টর ও সমাজকর্মী ডা: সারিকুল ইসলাম, আলিয়া ইউনিভার্সিটির ছাত্রনেতা মহ: ইরফান সাদিক, শিক্ষানুরাগী ইসমাইল সেখ, আজিজুল হক, সাবির সেখ, স্বপন মন্ডল, আইনজীবী আব্দুর রহিম, লিয়াকত জঙ্গী সহ বিশিষ্ট সমাজকর্মী ও বিশিষ্টজনরা।