পুবের কলম ওয়েব ডেস্কঃ একাধিক রিজার্ভেশন (পিআরএস) কাউন্টার বন্ধ করতে চলেছে পূর্ব রেল। সবমিলিয়ে রেল সূত্রে জানা যাচ্ছে, শিয়ালদা ডিভিশনের উত্তর শাখায় ৮ টি রিজার্ভেশন কাউন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রেলের তরফে এবিষয়ে নোটিশ দেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তাঁরা পুনরায় কাউন্টার খোলার আবেদন জানিয়েছেন।
আরও পড়ুন:
পূর্ব রেল সুত্রীর খবর অনুযায়ী, শিয়ালদা নর্থ লাইনে যে আটটি রিজার্ভেশন কাউন্টার বন্ধ করা হয়েছে সেগুলি আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মছলন্দপুর, ঢাকুরিয়া এবং নিউ আলিপুর স্টেশনে রয়েছে। সেই রিজার্ভেশন কাউন্টার আর চালু থাকবে না। ইতিমধ্যেই এই সমস্ত স্টেশনগুলিতে রিজার্ভেশন কাউন্টার বন্ধের জন্য নোটিশ দেওয়া হয়েছে রেলের তরফে। কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা রেলের তরফে জানানো হয়েছে। রেল সূত্রে বলা হয়েছে, কাউন্টারগুলির কাজের চাপ বা ওয়ার্কলোড বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নীওয়া হয়েছে।
রেলের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, টিকিট বুকিং, বাতিল ও অন্যান্য পরিষেবার জন্য নিকটবর্তী প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম- এ গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও, আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকেও টিকিট বুকিংয়ের পাশাপাশি বাতিল করা যাবে।আরও পড়ুন:
রেলের এই নোটিশ সামনে আস্তেই যাত্রীদের একাংশের মধ্যে অসন্তোষ ছড়িয়েছে। তাঁদের দাবি, নিজের এলাকার স্টেশনে রিজার্ভেশন কাউন্টার থাকায় অনেক সুবিধা হতো। কিন্তু, এগুলি বন্ধ হয়ে গেলে দূরের স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে।
এরফলে সময় ও অর্থ খরচ উভয় দিক থেকেই দুর্ভোগ পোহাতে হবে। যাত্রীদের অভিযোগ, অনলাইনে অনেকেই নিজে টিকিট কাটতে পারেন না। সেক্ষেত্রে টিকিট কাটতে গেলে সাইবার ক্যাফে বা অন্যান্য এজেন্সি অতিরিক্ত অর্থ নেয়, আবার দূরের স্টেশনে গেলেও অতিরিক্ত অর্থ খরচ করতে হবে। সেখানে দালালচক্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনার আশঙ্কাও করছেন যাত্রীদের একাংশ। তাই অবিলম্বে রিজার্ভেশন কাউন্টারগুলি খোলা রাখার দাবি জানিয়েছেন যাত্রীরা।