পুবের কলম ওয়েব ডেস্কঃ রেল স্টেশনের পাশে ঝুপড়িতে আগুন! দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে আগুন লাগে। রেল লাইনের ঠিক পাশেই আগুন লাগায় ঝলসে যায় ট্রেনের ওভারহেড তার। এরফলে ট্রেন চলাচল আপাতত বন্ধ হয়ে গিয়েছে শিয়ালদা বজবজ লাইনে। আগুনে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও ভস্মীভূত হয়ে গিয়েছে কয়েক ডজন বস্তি।
আরও পড়ুন:
জানা গিয়েছে, দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ে বস্তির আশেপাশের বাড়িগুলিতে।
আতঙ্কে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন। কিন্তু, মুহূর্তেই আগুন ব্যাপক আকার ধারণ করে। যদিও কী কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। বস্তির ঠিক পাশেই অবস্থিত শিয়ালদা বজবজ শাখার রেল লাইন। ফলে আগুন রেল লাইনের দিকেও ছড়িয়ে পড়ে। তার জেরে ওভারহেডের তার পুড়ে যায়। এরফলে ওই লাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ থাকে। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েন যাত্রীরা।আরও পড়ুন:
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) শিবরাম মাজি জানিয়েছেন, আগুনের পাশাপাশি সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। আগুনে দুই দিকের লাইনের ওভারহেডের তার ঝলসে যায়। এরফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। আপাতত শিয়ালদা থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলছে।
যদিও সেই সময় কোনও ট্রেন চলাচল করেনি। ফলে কোনও যাত্রী আহত হননি। আগুন নিয়ন্ত্রণে সেখানে পৌঁছেছে দমকল ইঞ্জিন। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়ায় ঢেকে রয়েছে এলাকা। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা হবে। জানা গিয়েছে, আগুন লাগার ফলে কমপক্ষে ৪০ টি ঝুইড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বহু বাসিন্দা।