পুবের কলম ওয়েব ডেস্কঃ শাক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, জম্মু ও কাশ্মীর-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। শনিবার ৭ টা ৪ মিনিট নাগাদ ভারত ছাড়াও কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, চিন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.২। ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে।  

জানা গিয়েছে, এদিনের ভুমিকম্পের উৎসস্থল হল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে ছিল ভুমিকম্পের কেন্দ্র। দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতজুড়ে এর কম্পন অনুভূত হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির ওপর নজর রয়েছে প্রশাসনের। আফগানিস্তান ও ভারত ছাড়াও এই ভূমিকম্প অনুভূত হয়েছে, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তুর্কমেনিস্তানে। জাতিসংঘের তরফে জানানো হয়েছে, আফগানিস্তান ভূমিকম্প, ভূমিধস এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের ফলে আগে থেকেই মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। উল্লেখ্য, শুক্রবার থেকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশ বেলুচিস্তানে অন্তত পাঁচটি মাঝারি মাপের ভূমিকম্প আঘাত হেনেছে। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভেনিজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। তাতে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৯২০ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও, ৫১,০০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। কার্যত ব্যাপক ধ্বংসযজ্ঞ চলেছে ভেনেজুয়েলায়।