পুবের কলম ওয়েব ডেস্কঃ বিশ্বকাপে ‘কে’ গ্রুপের ম্যাচে রবিবার ভোরে কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। প্রথম দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রপ শীর্ষে রয়েছে কলম্বিয়া। অন্যদিকে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। নক আউট পর্বের টিকিট দুটি দলেরই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। এই ম্যাচের গুরুত্ব শুধু গ্রুপ সেরা নির্ধারণই নয়। নক আউটে সম্ভাব্য প্রতিপক্ষও অনেকটা এর উপরে নির্ভর করছে। পর্তুগাল জিতলে তারা পয়েন্টের দিক থেকে কলম্বিয়ার সমকক্ষ হবে এবং গোলপার্থক্যে এগিয়ে থাকার সম্ভাবনা থাকায় শীর্ষস্থান দখল করতে পারবে।
প্রথম দুটি ম্যাচে মাত্র একটি গোল খেয়েছে কলম্বিয়া। তবে গত ম্যচে রোনাল্ডোর আগুনে ফর্মের কারণে পর্তুগালই ফেবারিট হিসেবে শুরু করবে। উজবেকিস্তানের বিরুদ্ধে তাঁর দুটি গোলের পরে রোনাল্ডো বলেছেন, ‘আই অ্যাম ব্যাক।’ আর তিনি ‘ফিরে’এলে বিপক্ষ দলের কী হাল হতে পারে, সেটা ফুটবল বিশ্বের সবাই জানে। ওই ম্যাচ রোনাল্ডো শুধু গোলই করেননি। সতীর্থদের পুরোমাত্রায় সাহায্য করেছেন। এটাই তাঁর শেষ বিশ্বকাপ।
ফলে তাঁর ‘জয়ের খিদে’ পুরো দলকে উজ্জীবিত করছে। রোনাল্ডো ছাড়াও মার্টিনেজের হাতে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাব খেলা এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। সেন্টারব্যাক রুবেন দিয়াস থেকে শুরু করে মিডফিল্ডে ব্রুনো ফার্নান্ডেজ ও বার্নান্ডো সিলভা ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা ধরেন। পর্তুগাল তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। একমাত্র ব্যাতিক্রম কঙ্গোর বিরুদ্ধে ম্যাচটি।আরও পড়ুন:
এ দিকে প্রথম দুটি ম্যাচেই কলম্বিয়া পরিস্কার করে দিয়েছে, কোনও দলই এ বার তাদের সহজে হারাতে পারবে না। বর্তমান দলটির মিডফিল্ড ও আক্রমণভাবে এমন সব প্রতিভাবান ফুটলবাররা রয়েছেন যারা এই পর্যায়ে যে কোনও দলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার ক্ষমতা রাখেন।
কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের রক্ষণভাগের ফাঁক ফোকর ধরা পড়েছে। যা কাজে লাগতে চাইবেন লুইস দিয়াজ ও হামেস রডরিগেজরা। রোনাল্ডোরা যখন আক্রমণে ওঠেন, তখন মাঝমাঠে তাদের কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়। যা কলম্বিয়ার দ্রুতগতির ফরোয়ার্ডদের জন্য সুবিধাজনক হতে পারে। পর্তুগাল ম্যাচের আগে কলম্বিয়া দলে কোনও চোট-আঘাতের সমস্যা নেই। রক্ষনভাগ থেকে আক্রমণে এসে মুনোজ দুর্দান্ত পারফর্ম করেছেন। যার ফলে রডরিগেজরা বেশি করে আক্রমণে যেতে পারছেন।