পুবের কলম ওয়েব ডেস্ক: ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়ার পরে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তাঁর দলের খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করলেন। তিনি জানান, সুশৃঙ্খল ও নিখুঁত পারফরম্যান্সের মাধ্যমে তাঁর দল প্রমাণ করেছে যে তারাই ‘বিশ্বের সেরা দল।’ একইসঙ্গে তিনি জানান, তাদের এই সাফল্য হঠাৎ করে আসেনি।
সেমিফাইনালে জয়ের ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭টি ম্যাচে অপরাজিত রয়েছে স্পেন। ইতালির নজির ছুঁয়ে ফেলেছে তারা। প্রথম ইউরোপীয় দল হিসেবে ইউরো কাপ ও বিশ্বকাপ মিলিয়ে টানা আটটি নক আউট ম্যাচ জিতেছে স্প্যানিশরা।
ম্যাচের পরে এক প্রতিক্রিয়ায় ফুয়েন্তে বলেন, ‘চার বছর আগে আমরা একটা পরিকল্লনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম।
ফুয়েন্তে আরও বলেন, ‘স্পেন দলের খেলোয়াড়েরা সবকিছুরই দাবিদার- দিনের পর দিন তারা তাদের প্রতিশ্রুতি, সংহতি, উদারতা ও প্রতিভার প্রমাণ দিয়েছে। ওদের খেলার প্রতি সঠিক মানসিকতা রয়েছে। সাজঘরে প্রত্যেককে হাসিখুশি দেখছি। গোটা দেশ আমাদের পাশে আছে। ২০১০-এর সেই মেজাজ ফিরিয়ে আনাতে পেরেছি। যারা ম্যাচে খেলতে পারেনি তারা ম্যাচের পর অনুশীলন করেছে। এতেই দলের চারিত্রিক দৃঢ়তা বোঝা যায়।’
প্রসঙ্গত, ২০১০ সালের পরে ফের বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। সে বছর তারা ট্রফিও জিতেছিল। এই বছরও চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া দল, জানিয়েছেন ফুয়েন্তে। তাঁর মতে, স্পেনের সাফল্যের অন্যতম কারণ একই ধরনের মানসিকতা এবং ফুটবলারদের মধ্যে কোনও ‘ইগো’ না থাকা। সকলে একই মানসিকতা নিয়ে চলাতেই এই সাফল্য এসেছে। ফুয়েন্তের কথায়, ‘আমার মনে হয়, সঠিক সতীর্থ বেছে নেওয়া খুব দরকার। না হলে সমস্যা তৈরি হতে পারে। আমি জানি, এই দলে যারা রয়েছে, তার মধ্যে শুধু ফুটবলারেরা নয়, বাকি সকলেও একটি নির্দিষ্ট লক্ষ্যের পিছনে ধাওয়া করছে। প্রত্যেকের মধ্যে একই রকমের আগ্রহ রয়েছে। আমরা সবাই ব্যক্তিগত স্বার্থের আগে দলের স্বার্থের কথা ভাবি। ফলাফলই তার প্রমাণ।’