পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি নগরী হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার নামকরণ করায় ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ধরণের সম্মান পাওয়া তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট বলে দাবি করেছেন ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট দিয়ে ট্রাম্প এই প্রতিক্রিয়া জানান। মূলত আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস বা ‘ফ্রিডম ২৫০’ উদযাপনের অংশ হিসেবে হায়দরাবাদে মার্কিন কনস্যুলেট সংলগ্ন একটি রাস্তার নাম পরিবর্তন করে 'ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ' রেখেছে তেলেঙ্গানা সরকার।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ছবি শেয়ার করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, "ভারতের হায়দরাবাদে নতুন 'ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ' — প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টকে এই উপায়ে সম্মানিত করা হলো। আপনাদের ধন্যবাদ।"

যে রাস্তাটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ রাখা হয়েছে, ভৌগোলিক ও অর্থনৈতিক দিক থেকে সেটির গুরুত্ব অপরিসীম। রাস্তাটি হায়দরাবাদের মার্কিন কনস্যুলেটের একেবারেই গা ঘেঁষে অবস্থিত।

শুধু তাই নয়, বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান—মাইক্রোসফট, গুগল এবং অ্যামাজনের মতো টেক জায়ান্টদের প্রধান ভারতীয় কার্যালয়গুলিও এই রাস্তার খুব কাছেই অবস্থিত।

তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে এই বিশেষ পদক্ষেপটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি একটি অনন্য সম্মানপ্রদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। রাজ্য প্রশাসনের মতে, ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক এবং কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করতে এবং বিশ্বমঞ্চে হায়দরাবাদের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাস্তার ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ভারত-আমেরিকা অংশীদারিত্বের যে দ্রুতগতির অগ্রগতি, তা হায়দরাবাদের হাইটেক সিটি থেকে শুরু করে মহাকাশ ও প্রতিরক্ষা খাতের পরিকাঠামো দেখলেই বোঝা যায়। এই নামকরণ দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত মেলবন্ধনকে আগামী দিনে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে দুই দেশের কূটনৈতিক মহল।