পুবের কলম ওয়েব ডেস্কঃ বুধবার দুপুরে তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ার পরেই শুরু হয় উদ্ধারকাজ। টানা ৭২ ঘণ্টা ধরে চলার পর অবশেষে আপাতত শেষ হল উদ্ধারকাজ। শেষ খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। আর কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে নেই বলেই জানিয়েছে উদ্ধারকারী দল। ঘটনাস্থল ছেড়ে একে একে চলে যেতে শুরু করেছে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা।

যদিও এখনও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। 

এই দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে তার নমুনা এখনও ঘটনাস্থলে রয়েছে। সেই প্রমাণ অক্ষত রাখার জন্যই এখনও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। সুত্রের খবর, ঘটনাস্থলে যাবে কলকাতা পুলিশের ফরেন্সিক টিম তারপরেই সেখান থেকে ধ্বংসস্তূপ সরানো হবে। ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্তে গঠিত হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।

সেই কমিটির নেতৃত্বে রয়েছেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ কুমার সিনহা। এছাড়াও রয়েছেন কলকাতা পুরসভা, দমকল, পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, পিডব্লুডি সহ একাধিক দপ্তরের ১১ জন প্রতিনিধি। এই কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 

এদিকে, পুলিশের অনুরোধে এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনে জায় যাদবপুর বিশ্ব বিদ্যালয়ের ৫ জনের একটি দল। জানা যাচ্ছে, এই টিম আরও একবার ঘটনাস্থলে যাবেন, তারপর সবকিছু খতিয়ে দেখে রিপোর্ট দেওয়া হবে। একইসঙ্গে বিশেষজ্ঞদের মতে, ঘটনাস্থল থেকে এখনও পচা গন্ধ বের হচ্ছে। ফলে সেখানে দেহ থাকতে পারে।