পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার থেকে আগামী ৪৮ ঘণ্টা দিল্লির বিস্তীর্ণ এলাকায় স্বাভাবিক জল সরবরাহ ব্যাহত থাকবে বলে জানিয়েছে দিল্লি জল বোর্ড (DJB)। শহরের মূল পাইপলাইনে জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন সংযোগ স্থাপনের কাজের জন্য এই সাময়িক পরিষেবা বন্ধ রাখা হচ্ছে।
জল বোর্ড সূত্রে জানা গেছে, দ্বারকা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এলাকায় একটি নতুন পাইপলাইন মূল লাইনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। শহরের জল সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত ও নিরবচ্ছিন্ন করতে এই অবকাঠামোগত পরিবর্তন করা হচ্ছে।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ১১টা পর্যন্ত কাজ চলবে। এই সময়ে পশ্চিম ও দক্ষিণ দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ অথবা অনিয়মিত থাকতে পারে। কর্তৃপক্ষ বাসিন্দাদের আগেভাগে প্রয়োজনীয় জল মজুত রাখার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় বিকল্প হিসেবে জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে ট্যাঙ্কার চাওয়া যাবে বলেও জানানো হয়েছে।





























