পুবের কলম ওয়েবডেস্ক: সরকারি ত্রাণ (ত্রিপল) মজুত ও দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কৃষ্ণনগরের তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার হওয়ার পর, সাংসদ মহুয়া মৈত্র স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। দলীয় নেতার বাড়িতে জনরোষ ও বিরোধীদের বিক্ষোভের সময় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
মহুয়া মৈত্র ও উজ্জ্বলের পরিবারের অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক। পুলিশের উপস্থিতিতেই তাঁরা প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে তাঁর উপর চড়াও হন। চলে ভাঙচুর।
নদিয়ার কৃষ্ণনগরে উজ্জ্বল বিশ্বাসের গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে বলেন, প্রাক্তন মন্ত্রীর বাড়িতে স্থানীয় বাসিন্দারা নয়, বিজেপি বিক্ষোভ দেখায় এবং তাঁর উপর ডিম ছোড়েন। উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক। মহুয়া মৈত্র সরাসরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি দলীয় কার্যালয় বা ব্যক্তিগত বাসভবনে অবৈধভাবে সরকারি ত্রাণসামগ্রী মজুত করে রেখেছিলেন। বিজেপি সরকারি ত্রিপল চুরির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে। বুধবার তাঁকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়েছে।