পুবের কলম ওয়েব ডেস্কঃ ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়রের চেয়ার ছাড়ার পরেই পুরবোর্ড ভেঙে দেওয়া নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনায় সত্যি হল। ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভার পুরবোর্ড। তার পরিবর্তে পুরসভার কাজকর্ম চালানোর জন্য বসানো হল প্রশাসক। কলকাতা পুর আইন মেনেই পুর কমিশনার স্মিতা পান্ডেকে সোমবার প্রসাশক হিসেবে নিয়োগ করলেন রাজ্যপাল আরএন রবি।
আরও পড়ুন:
এরফলে পুরসভার সমস্ত ক্ষমতা চলে যাচ্ছে পুর কমিশনারের হাতে। সেই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মেয়র, চেয়ারম্যান এবং মেয়র-ইন-কাউন্সিলসহ সমস্ত নির্বাচিত কাউন্সিলরের ক্ষমতা। এখন থেকে পুরসভা চলবে কমিশানের নির্দেশে।রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আইন মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। এর আগে ফিরহাদ মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই নবান্নের তরফে নোটিশ দিয়ে জানতে চাওয়া হয় কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না।
এরজন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। তারপরেই কলকাতা পুরসভার ১৩৫ জন কাউন্সিলরকে মেয়র বাছাই করতে তৃণমূল ভবনে ডেকে পাঠিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রবিবার সেই বৈঠক হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক বাতিল করা হয়। জানা যায়, নতুন মেয়র বাছতে আগ্রহ দেখাননি অধিকাংশ কাউন্সিলর। শুধুমাত্র ৩২ জন প্রস্তাবে সই করেছিলেন। যদিও রবিবারই দিল্লি চলে যান মমতা। ফলে সেই প্রস্তাব আর জমা পড়েনি। শেষ পর্যন্ত সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। নাগরিক পরিষেবা যাতে কোনোভাবেই বিঘ্ন না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। জানা গিয়েছে, ১৯৮০ সালের কলকাতা পুর আইনের ১১৮ ধারা অনুযায়ী পুর কমিশনারের হাতে পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।