পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ শুক্রবার কলকাতা পুরসভায় মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু, তালা বন্ধই থাকল অধিবেশন কক্ষ। শেষ পর্যন্ত ওই কক্ষের বাইরেই অধিবেশনে বসলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটল কলকাতা পুরসভায়। পুরসভার চেয়ারপার্সন মালা রায়ের নেতৃত্বে এদিন ক্লাব রুমে অধিবেশনে বসেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা।
এমন ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।আরও পড়ুন:
তৃণমূল সুত্রে জানা গিয়েছে, আজ শুক্রবার মাসিক অধিবেশনের কথা আগেই জানানো হয়েছিল। সেইমতো উপস্থিত হয়েছিলেন কাউন্সিলররা। অধিবেশন কক্ষে পৌঁছে তাঁরা দেখেন ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় রয়েছে। এবিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, সচিবকে এবিষয়ে জানানো হয়েছিল।
তাঁকে মনে করিয়ে দেওয়া হয় যে পুরসভার অধিবেশন কক্ষের কাস্টডিয়ান হলেন চেয়ারপার্সন মালা রায় তারপরেও কেন তালা বন্ধ রাখা রয়েছে? যদিও ওই ঘরে তালা খুলতে অস্বীকার করেন সচিব। তালা না খোলায় শেষে মালা রায়ের ঘরে ছোট বৈঠক হয়। পরে ক্লাব রুমে অধিবেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে একে একে তৃণমূল কাউন্সলিররা চেয়ারে বসে পড়ে অধিবেশনের কাজ শুরু করেন।আরও পড়ুন:
এনিয়ে বেজায় ক্ষুব্ধ হয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বার বার চেষ্টা করেও বোঝানো সম্ভব হয়নি এটা অপমান এবং দুঃখজনক। তিনি কাউন্সিলরদের মানুষের জন্য কাজ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন। একইসঙ্গে, তিনি জানান, সরকার সরকারের কাজ করবে আর কাউন্সিলরদের নিজেদের কর্তব্য পালন করে যেতে হবে। এদিকে, তৃণমূলের মুখপাত্র এবং কাউন্সিলর অরূপ চক্রবর্তী জানান, রাজ্যে পালাবদল হলেও এখনও কলকাতা পুরসভায় বোর্ড বৈধ রয়েছে।