পুবের কলম ওয়েব ডেস্কঃ আরও অস্বস্তিতে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠল। অভিযোগ উঠেছে, অভিষেকের দুটি থিকানায় নাকি অবৈধ নির্মাণ হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দুটি নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। এরমধ্যে একটি নোটিশ পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্য নোটিশ পাঠানো হয়েছে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নামে।

উল্লেখ্য, আগেই অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আর এবার অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে জোড়া অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

জানা গিয়েছে, পুরসভার তরফে নোটিশ পাঠিয়ে নির্মাণের অবৈধ অংশ ভেঙে ফেলতে বলা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে ৭ দিনের মধ্যে ওই নির্মাণ দুতির অবৈধ অংশ ভেঙে ফেলতে হবে। আর যদি মালিক তা না ভাঙেন তাহলে পুরসভার তরফে ভেঙে ফেলা হবে।

এই দুটি নোটিশই পাঠানো হয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে। নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুর আইন ১৯৮০ এর ৪০০(১) এর ধারায়। এই ধারা অনুযায়ী, পুর কমিশনার বাড়ি বা নির্মাণের অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দিতে পারেন। যে দুটি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে সেগুলি হল ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১ কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোড। পুরসভার তরফে ৭ দিনের মধ্যে নটিশের জবাব দিতে বলা হয়েছে।
সেক্ষেত্রে জবাব সন্তোষজনক না হলে পুরসভার তরফে অবৈধ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হতে পারে। আর পুরসভা যদি ভাঙ্গে তাহলে সেই বাবদ যা খরচ তা দিতে হবে মালিককে। আরও জানা গিয়েছে, সংশ্লিষ্ট সম্পত্তির বিল্ডিং প্ল্যান, অনুমোদিত নকশা ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পুরসভাকে জমা করার নির্দেশও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে অভিষেককে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সম্পত্তি নিয়ে বলেছিলেন, হিসেব হবে। আর তারপরেই অভিষেকের দুটি ঠিকানায় নোটিশ পাঠাল কলকাতা পুরসভা।