পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতা পুরসভার কাছে ১০ দিনের সময় চেয়ে আবেদন করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস এন্ড বাউন্ডস। শনিবার সন্ধ্যায় পুরসভার বিল্ডিং দফতরে সংস্থার পক্ষ থেকে একটি চিঠি জমা দেওয়া হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। সেই চিঠিতে জানানো হয়েছে, পুরসভা যে সম্পত্তি সংক্রান্ত নথি ও তথ্য চেয়েছে, তা তারা জমা দিতে প্রস্তুত। তবে সমস্ত তথ্য একত্রিত করতে কিছুটা সময় প্রয়োজন। সেই কারণেই অতিরিক্ত ১০ দিনের সময় চাওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতার কালীঘাট রোড ও হরিশ মুখার্জি রোডের একাধিক সম্পত্তি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থাকে নোটিস পাঠায় পুরসভা। অভিযোগ, কয়েকটি ক্ষেত্রে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারণে সংশ্লিষ্ট সম্পত্তির নির্মাণ পরিকল্পনা, অনুমতির কাগজপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে।আরও পড়ুন:
শুক্রবার এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রশ্নের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে প্রশ্ন উঠতেই তিনি স্পষ্টভাবে বলেন, বাড়ির কোন অংশ নিয়মভঙ্গ করে তৈরি হয়েছে তা আগে নির্দিষ্ট করে জানাতে হবে, তারপর তিনি জবাব দেবেন।
তাঁর সেই প্রতিক্রিয়ার এক দিনের মধ্যেই তাঁর সংস্থার সময় চাওয়ার আবেদন নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।আরও পড়ুন:
প্রথমে দু’টি সম্পত্তিতে নোটিস পাঠানোর খবর সামনে এলেও পরে বিভিন্ন মহলে দাবি ওঠে, মোট সতেরোটি সম্পত্তিকে ঘিরে পুরসভার নজরদারি চলছে। এর মধ্যে পরিবারের অন্য সদস্যদের নামেও থাকা কিছু সম্পত্তির উল্লেখ রয়েছে বলেও খবর।এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতর আরও বেড়েছে। বিরোধী শিবিরের দাবি, বেআইনি নির্মাণ হয়ে থাকলে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং প্রশাসনের উচিত কঠোর ব্যবস্থা নেওয়া।
অন্যদিকে তৃণমূলের একাংশের অভিযোগ, বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে সামনে আনা হচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই বিল্ডিং দফতর নোটিস পাঠিয়েছে। পুরসভা সূত্রে খবর, কোনও ব্যক্তি বা সংস্থা যদি প্রয়োজনীয় নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চায়, তা বিবেচনা করা হয়ে থাকে। তবে কত দিনের সময় দেওয়া হবে, সেই সিদ্ধান্ত নেয় পুরসভাই।