পুবের কলম ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অবশেষে কলকাতা বন্দরের প্রার্থী ঘোষণা করল বিজেপি। এই কেন্দ্রে দলের তরফে প্রার্থী করা হয়েছে রাকেশ সিংকে। ফলে এবার সরাসরি লড়াই হতে চলেছে তৃণমূলের হেভিওয়েট নেতা ও বর্তমান বিধায়ক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। দীর্ঘ জল্পনার পর বিজেপির এই সিদ্ধান্তে কলকাতা বন্দরের রাজনৈতিক সমীকরণ নতুন করে আলোচনায় উঠে এসেছে।
কারণ এই কেন্দ্র বহু বছর ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০১১ সাল থেকে টানা এই কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিম। বর্তমানে তিনি রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়রও। কলকাতা বন্দর কেন্দ্রে তাঁর সংগঠন ও প্রভাব যথেষ্ট বলেই রাজনৈতিক মহলের ধারণা।আরও পড়ুন:
অন্যদিকে বিজেপি এই আসনে রাকেশ সিংকে সামনে এনে সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অতীতে এই কেন্দ্র থেকেই ফিরহাদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামার অভিজ্ঞতা রয়েছে রাকেশের। বিজেপি সূত্রে দাবি, স্থানীয় সংগঠন এবং ভোটের অঙ্ক মাথায় রেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে। সম্প্রতি আদালত থেকে জামিন পাওয়ার পর থেকেই রাকেশ সিংয়ের প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছিল।
শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। বিজেপি নেতৃত্ব মনে করছে, বন্দরের ভোটযুদ্ধে তাঁকে সামনে রাখলে সংগঠনকে আরও সক্রিয় করা যাবে।আরও পড়ুন:
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কলকাতা বন্দরে ভোটের সমীকরণ অনেকটাই নির্ভর করে সংখ্যালঘু এবং হিন্দিভাষী ভোটারদের উপর। এই এলাকায় বহু বছর ধরে তৃণমূলের শক্ত অবস্থান থাকলেও বিজেপি গত কয়েকটি নির্বাচনে ধীরে ধীরে নিজেদের সংগঠন বাড়ানোর চেষ্টা করেছে। ফলে এবার এই কেন্দ্রে মূল লড়াই যে ফিরহাদ হাকিম বনাম রাকেশ সিং—তা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বন্দরের রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা।