পুবের কলম ওয়েব ডেস্কঃ তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পর এবার কলকাতার মেয়র তথা কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। গভীর রাতে তাঁর বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ পর্যবেক্ষকের একটি দল। সেখানে পৌঁছে ফিরহাদকে রীতিমতো হুমকি দেওয়া হলো। কোনও রকম গোলমাল হলেই দেখে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনটাই অভিযোগ ফিরহাদের। তৃণমূল প্রার্থী দাবি করেছেন, নকশাল আমলের সময় এরকম দেখেছিলেন।
আরও পড়ুন:
রাতের সেই ঘটনাকে ঘিরে তিনি অত্যন্ত বিস্মিত এবং ক্ষুব্ধ।
তাঁর অভিযোগ, তাঁকে ডেকে বলা হয় ভোটের দিন এলাকায় যেন কোনও অশান্তি না হয় এবং বিরোধী দলের এজেন্টদের বসতে কোনও বাধা দেওয়া যাবে না। তিনি তখন জানান, চেতলা এলাকায় অতীতে কখনও ভোটকে ঘিরে অশান্তির ইতিহাস নেই। ফিরহাদের কথায়, " আমি জানাই চেতলায় কোনও রকম অশান্তি হয় না। তারপরেও আমাকে বলা হয়েছে তা না হলেই ভালো, নয়তো বুঝে নেব।"আরও পড়ুন:
এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতার মেয়র। তিনি জানান, এ ধরনের আচরণ তাঁকে নকশাল আমলের কথা মনে করিয়ে দিয়েছে। তাঁর দাবি, সেই সময় যেভাবে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হত এবং ভয় দেখানো হত, সোমবার রাতে তাঁর চেতলার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে যেভাবে হুমকির সুরে কথা বলা হয়েছে তা দেখে সেই কথায় তাঁর মনে হয়েছে।
ফিরহাদ প্রশ্ন তোলেন, তিনি কি কোনও দিন ভোটে রিগিং করেছেন? অথবা অস্ত্র নিয়ে হিংসাত্মক কার্যকলাপ করেছেন? তা হলে কেন তাঁকে এভাবে গিয়ে চমকানো হল? তিনি মনে করেন মানুষ এই বিষয়টি ভালোভাবে নেবে না।আরও পড়ুন:
উল্লেখ্য, দ্বিতীয় বা শেষ দফার নির্বাচন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে একইভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।
তিনি জাহাঙ্গিরের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের সদস্যদের হুমকির সুরে অজয় পাল বলেছিলেন, "সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না, কান্নাকাটি করে লাভ হবে না।" তিনি আরও বলেন, "এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। না হলে এমন অবস্থা হবে কান্নাকাটি করে লাভ হবে না। " এনিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফিরহাদকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল।