পুবের কলম ওয়েব ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সমীকরণের বড়সড় পরিবর্তনের আভাস। প্রাথমিক প্রবণতায় রাজ্যের বহু আসনে এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থিতি সামনে আসতেই রাজ্যের একাধিক প্রান্ত থেকে উত্তেজনা ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচন কমিশন বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। অশান্তির আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজ্যের ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৬টি আসনে। বাম জোট তিনটি এবং অন্যান্যরা দুটি আসনে লড়াইয়ে এগিয়ে রয়েছে। এই প্রবণতা সামনে আসতেই বিভিন্ন এলাকায় বিজেপি সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে। কোথাও আবির খেলায় মেতেছেন কর্মী-সমর্থকেরা, কোথাও আবার মিষ্টি বিলির মাধ্যমে উদযাপন চলছে।
আরও পড়ুন:
তবে উৎসবের আবহের মাঝেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আসানসোলে গণনাকেন্দ্রের বাইরে স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কয়েকজন নেতা-কর্মী হামলার শিকার হয়েছেন। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে।এছাড়া নোয়াপাড়া ও বীজপুর কেন্দ্র থেকেও অশান্তির খবর মিলেছে।
অভিযোগ, সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে তৃণমূল প্রার্থীদের ওপর হামলার চেষ্টা হয়েছে। ঘটনাগুলিকে গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।আরও পড়ুন:
এদিকে কালীঘাট এলাকাতেও রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। ভোটের প্রবণতা প্রকাশ্যে আসার পর সেখানে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল ও উচ্ছ্বাসের ছবি সামনে এসেছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকে নজর রেখেই অতিরিক্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে।