কল্যাণ মণ্ডলঃ সরকারি আবাসন প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠল ভাঙড়ের ব্যাওতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুকুরাইট এলাকায়।
আরও পড়ুন:
অভিযোগ, পুকুরাইট গ্রামের পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা বাপি মণ্ডল সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক বাসিন্দার কাছ থেকে টাকা নিয়েছেন। কারও কাছ থেকে ১৫ হাজার, আবার কারও কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে দাবি গ্রামবাসীদের।
শুধু তাই নয়, আবাসন প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত পাইয়ে দেওয়ার নাম করেও বহু মানুষের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে খবর, প্রায় ৫০ জনেরও বেশি গ্রামবাসীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। দীর্ঘদিনেও প্রতিশ্রুত সুবিধা না পাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকায়। নতুন সরকার গঠনের পর এবার সংঘবদ্ধভাবে পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন:
অভিযোগকারীদের দাবি, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় তাঁরা টাকা দিয়েছিলেন। এখন সেই টাকা ফেরত পাওয়ার আশায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন:
ঘটনায় রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।
বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, “তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তোলাবাজি করেছে। মানুষ এখন তার জবাব দিয়েছে। যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাঁদের সমস্ত টাকা ফেরত দেওয়া উচিত।”আরও পড়ুন:
যদিও অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বাপি মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।