পুবের কলম ওয়েব ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের একাধিক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শাসকঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের একাধিক অভিযোগ সামনে এসেছে। কয়েকটি ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে এক প্রবীণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁকে চিকিৎসার জন্য কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে জয়ী আইএসএফ সমর্থকেরা ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় দাপট দেখাতে শুরু করেছেন। রাতভর একাধিক এলাকায় হামলা ও তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ। এর জেরে নিমকুড়িয়া-সহ বেশ কয়েকটি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে।মঙ্গলবার সকালে নিমকুড়িয়া গ্রামে তৃণমূলের পতাকা খুলে না ফেলার অভিযোগ তুলে এক দল দুষ্কৃতী স্থানীয় এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বাড়িতে ঢুকে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি।
আরও পড়ুন:
স্থানীয় তৃণমূল সমর্থক ফিরোজ মোল্লার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁদের উপর হামলা হয়েছে। তাঁর বক্তব্য, আইএসএফের স্থানীয় নেতৃত্বের মদতেই একদল লোক তাঁদের বাড়িতে চড়াও হয়। পরিবারের সদস্যদের মারধর করা হয়। তাঁর দাদার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তাঁর বাবার অবস্থাও সংকটজনক হয়ে পড়ে। পরে তাঁকে দ্রুত কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এছাড়াও তৃণমূল কর্মী হাকিম আলি মোল্লা, তাঁর স্ত্রী আয়েশা বিবি, ছেলে ফরিদ আলি মোল্লা এবং পুত্রবধূ রোজিনা বিবির উপরও হামলার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁদের নিশানা করা হয়েছে।