কল্যাণ মণ্ডলঃ ভোট পরবর্তী অশান্তিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়ের একাধিক এলাকা। শুক্রবার সকালে উত্তর কাশীপুর থানার চণ্ডীহাট এবং বিজয়নগর বাজার থানার ভূমরু গ্রামে তৃণমূল ও আইএসএফ কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধর ও হামলার অভিযোগ তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভূমরু এলাকায় দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চলছিল। কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগও রয়েছে।

তৃণমূলের দাবি, আইএসএফের হুমকিতে গত এক সপ্তাহ ঘরবন্দি ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ইসলাম আলি মোল্লা। শুক্রবার সকালে তিনি ইমারতি সামগ্রীর দোকান খুলতে বের হলে চণ্ডীহাট এলাকায় তাঁকে হেনস্তা করা হয়। অভিযোগ, তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তিকে লক্ষ্য করে ইট ছোড়া হলে তিনি রক্তাক্ত হন। প্রতিবাদ করতে গেলে এক মহিলাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

অন্যদিকে আইএসএফের দাবি, তাদের কর্মী ঈসা মোল্লাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করেছে। আহতদের উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও আধাসেনা এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা ছড়ালে পুলিশ মৃদু লাঠিচার্জও করে। ঘটনায় উভয় পক্ষের মোট চারজনকে আটক করেছে পুলিশ। উত্তর কাশীপুর থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।