পুবের কলম ওয়েব ডেস্ক: আগের সরকারের দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হাওড়ার শ্যামপুরে তীব্র উত্তেজনা ছড়াল। স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ওই নেতার মাথা থেকে খাবলে খাবলে চেঁচে ফেলা হয় চুল। গলায় জুতোর মালা পরিয়ে কোমরে দড়ি বেঁধে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া।
ওই তৃণমূল নেতার নাম সন্ন্যাসী মান্না।আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামপুরের আমড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সন্ন্যাসী মান্না। তাঁদের অভিযোগ, একশো দিনের কাজ থেকে শুরু করে আবাসন প্রকল্প বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হত। উত্তেজিত জনতা পরে অভিযুক্ত নেতাকে বাড়ি থেকে বের করে এনে এই পদক্ষেপ করে।
তাঁকে জুতোর মালা পরানো হয়। তাঁর পরনে জামা ছিল না, হাঁটু পর্যন্ত গোটানো ছিল লুঙ্গি। সেই অবস্থাতেই গ্রামজুড়ে ঘোরানো হয় তাঁকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সন্ন্যাসী মান্না অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেননি। তাঁর দাবি, এলাকার উন্নয়নমূলক কাজের জন্য কয়েকজনের কাছ থেকে কিছু অর্থ নেওয়া হয়েছিল। তবে সেই টাকা তিনি ফিরিয়ে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত নেতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাশাপাশি জনরোষের কারণ, দুর্নীতির অভিযোগের সত্যতা এবং আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।