পুবের কলম ওয়েব ডেস্কঃ বাইরে থেকে ফ্ল্যাট বাড়িটা দেখতে জরাজীর্ণ। বিলাসবহুলতার ছাপ পর্যন্ত নেই বললেই চলে। কিন্তু বাড়ির ভিতরে ঢুকতেই পাওয়া যায় এক সুরঙ্গ। আর সেই সুরঙ্গের ভিতরে ঢুকতেই যা দেখা গেল তাতে কার্যত চক্ষু চড়কগাছ পুলিশের। সেখানে দামি ফ্রিজ থেকে শুরু করে রয়েছে আরও অনেক দামি আবসবাবপত্র, যার দাম লাখ টাকারও বেশি। এমনই দৃশ্য দেখা গেল হাওড়ার শিবপুরের চওড়াবস্তি এলাকায় তৃণমূল নেতা শামিম আহমেদ ওরফে বড়ের বাড়িতে।
আরও পড়ুন:
জানা যায়, ভোটের ফল প্রকাশের পর গত ৮ মে ওই এলাকায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় অভিযোগ ওঠে শামিম আহমেদের বিরুদ্ধে। এলাকায় তিনি দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। অনেকেই তাঁকে এলেকার ডন বলেন। তাঁর স্ত্রী শামিমা বানো আগে কাউন্সিলর ছিলেন। আদালতের নির্দেশ পেয়ে তদন্তে নেমে পুলিশ শামিমের বাড়িতে তল্লাশি চালায়।
সেই তল্লাশিতেই শামিমের বাড়িতে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। পুলিশ সুত্রে জানা যাচ্ছে, ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকা সুড়ঙ্গটি কাঠের পাটাতন দিয়ে ঢাকা ছিল। সেটি সরাতেই সিঁড়ি দেখতে পায় পুলিশ। সিঁড়ি বেয়ে নীচে নামতেই পুলিশ কার্যত অবাক হয়ে যায়। পুলিশ জানায়, সেখানে রয়েছে বিশাল আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। সেখানে থাকা ফ্রিজ থেকে শুরু করে অন্যান্য আসবাব পত্রের দাম লাখ টাকার কাছাকাছি। শুধু তাই নয়, সেখান থেকেই পুরো বাড়ির সিসিটিভি নিয়ন্ত্রণ করা হত। এনিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে (সত্যতা যাচাই করেনি পুবের কলম ডিজিটাল)। তাতে দাবি করা হয়েছে সুড়ঙ্গের নিচে আরও একটি সুড়ঙ্গ মিলেছে।আরও পড়ুন:
যদিও পুলিশ জানিয়েছে, ভাইরাল ফুটেজ সত্যি হলেও আরও একটি গোপন সুড়ঙ্গ রয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা ভুল। পুলিশ বাড়ি থেকে একটি ফোন বাজেয়াপ্ত করেছে। এছাড়া, বাড়িটি সিল করে দেওয়া হয়েছে। যদিও শামিম এবং তাঁর পপ্রিবারের সদস্যরা এখন পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। একইসঙ্গে, যে ফুটেজ ভাইরাল হয়েছে তার পিছনে কারা সে নিয়ে তদন্ত চলছে।