পুবের কলম ওয়েবডেস্কঃ পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক যুবকের। ইঁদুর মারার জিআই তারে পা বেঁধে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হল ওই যুবকের। মৃতের নাম আফতাব উদ্দিন মণ্ডল। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামে।

ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, গতকাল বাসন্তীতে পুলিশের ওপর দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। পরে অভিযুক্তদের শনাক্ত করতে তৎপর হয়ে ওঠে পুলিশ।

রাতেই অভিযুক্তদের ধরতে ওই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হানা দেয়। তখন পুলিশের হাত থেকে বাঁচতে ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান আফতাব। পুলিশ জানিয়েছে, ধান জমিতে ইঁদুর মারার জিআই তার বিছানো ছিল। তা লক্ষ্য করেননি আফতাব।
ওই জমি ধরে পালানোর সময় তারে পা বেঁধে যেতেই তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। আফতাবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার দেহ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও স্থানীয়দের একাংশ যুবকের মৃত্যুতে পুলিশের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।