পুবের কলম ওয়েবডেস্কঃ মঙ্গলবার দিল্লির একটি বিশেষ আদালত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেত্রী আশিয়া আন্দ্রাবিকে ইউএপিএ আইনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল। জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে সন্ত্রাসমূলক সংগঠন পরিচালনার অভিযোগে এই সাজা ঘোষণা করা হয়। একই মামলায় তাঁর দুই সহযোগী সোফি ফেহমীদা এবং নাহিদ নাসরিনকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সাজা ঘোষণার সময় আদালত জানিয়েছে অপরাধীরা দীর্ঘ সময় ধরে দেশবিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
নিষিদ্ধ সংগঠন দুখতারন-ই-মিলাত এর মাধ্যমে তারা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়িয়ে দেন বলে তদন্তে উঠে আসে। শুধু তাই নয়, তদন্তে আরও উঠে এসেছে, বক্তৃতা, ভিডিও ও প্রচারসামগ্রীর মাধ্যমে তারা ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রচার চালাতেন এবং সন্ত্রাসবাদকে পরোক্ষে উৎসাহিত করতেন।আরও পড়ুন:
২০১৮ সালে এনআইএ আন্দ্রাবি ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে। পাকিস্তান-সমর্থিত বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ, উস্কানিমূলক বক্তব্য এবং কাশ্মীরকে ভারতের বাইরে নেওয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর গত ১৪ জানুয়ারি আদালত ইউএপিএ ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের দোষী সাব্যস্ত করে। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের গুরুত্ব বিবেচনা করে এনআইএ যাবজ্জীবন সাজা চেয়েছিল, যা মেনে নিয়েই আদালত রায় দেয়।আরও পড়ুন:
জানা যায়, ৬২ বছর বয়সি আশিয়া ‘দুখতারান-এ-মিল্লাত’-এর প্রতিষ্ঠাতা। সংগঠনটি শুরুতে সামাজিক সংস্কারমূলক উদ্যোগ হিসেবে গড়ে উঠলেও ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এটিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে।